নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বাসের ভেতর থেকে বাস চালকের সহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম জাহিদ ইসলাম (২২)। তিনি জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি. আর. সুপার পরিবহন বাসের চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্নানীয় সূত্রে জানা গেছে, গত ১ বছর ধরে জাহিদ ইসলাম মান্দার বি. আর. সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। সোমবার সকালে নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে একটি গ্যারেজে বাসটি মেরামতের জন্য আনা হয়। রাতে জাহিদ ও তার আরেক সহকর্মী ইউসুফ এক সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ জাহিদকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Reporter Name 


















