সবুজদিন রিপোর্ট।।
রমজান মাসে জনভোগান্তি কমাতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলোতে সাময়িকভাবে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি শুরু হওয়া পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি শুরু হওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Reporter Name 

























