ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবারবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, রুনাকে তার নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
গঠিত তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘আমি আজই চিঠিটি পেয়েছি। এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে আগামী সোমবার সকাল সাড়ে ৯টায় কমিটির প্রথম সভা ডাকা হয়েছে। সদস্যসচিবকে কমিটির সদস্যদের কাছে চিঠি পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার আসমা সাদিয়া রুনাকে নিজ অফিসকক্ষে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। তার পাশে বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানকে গলায় ছুরিকাঘাত করা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তিনিই শিক্ষক রুনাকে হত্যা করেছেন বলে জবানবন্দি দিয়েছেন। গত বৃহস্পতিবার জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে রুনাকে দাফন করা হয়। বৃহস্পতিবার নিহতের স্বামীর এজাহার দায়েরের পর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মূল অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
Reporter Name 

























