শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেওয়া হবে।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা বুক চিতিয়ে এ দেশের নতুন অবস্থান তৈরি করেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।’ তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে কোনো ধরনের বাণিজ্য, দুর্নীতি কিংবা ব্যক্তিস্বার্থের স্থান নেই।
বক্তব্যের শুরুতে তিনি স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে।’ একই সঙ্গে রাষ্ট্রীয় বিমান সংস্থার লোকসানের পেছনে দুর্নীতিকে দায়ী করে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রাধান্য দিয়ে দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে। আমাদের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগের দেশ- যেখানে কোনো বৈষম্য থাকবে না।’ বক্তব্যের শেষে তিনি জনসভায় উপস্থিত নেতাকর্মীদের সামনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় স্থানীয় নেতারা, দলীয় কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 












