বরগুনা জেলা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, কেবল ক্ষমতার লোভে যারা রাজনীতি করে তাদের কোনো আদর্শ বা নীতি থাকে না। ব্যক্তিগত স্বার্থ হাসিল নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও গণমানুষের সেবাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। শুক্রবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন যে, তাঁরা কেবল এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না, বরং দেশ ও ইসলামের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাই তাঁদের রাজনীতির প্রধান উদ্দেশ্য।
বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছর ধরে যারা দেশ শাসন করেছেন, তাঁদের দুঃশাসনের কারণেই বাংলাদেশ দুর্নীতির তালিকায় পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক তিলক পরেছে। এই সময়ে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে বিদেশে তথাকথিত ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে। তিনি অভিযোগ করেন যে, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করে এক শ্রেণির মানুষ নিজেদের আখের গুছিয়েছে, যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই দুর্নীতির সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
জনসভায় জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর দলটির প্রকৃত রূপ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দল পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, জামায়াত ক্ষমতায় গেলে কোনোভাবেই শরিয়াহ আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। তিনি আরও বলেন, ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামের আদর্শ থেকে বিচ্যুত কারো সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জোট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দলের শক্তি কমে যাওয়ার যে ধারণা তৈরি হয়েছিল, তা নাকচ করে দিয়ে পীর সাহেব বলেন, ইসলামী আন্দোলন বর্তমানে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ মানুষ ‘হাতপাখা’ মার্কায় ভোট দিয়ে একটি সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের আরও অনেক শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং নিজেদের প্রার্থীর বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা মনে করেন, নৈতিক পরিবর্তনের মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
Reporter Name 














