সবুজদিন রিপোর্টঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রচলিত বিচারব্যবস্থা ও ভূ-রাজনৈতিক সমীকরণের সমালোচনা করে মন্তব্য করেছেন যে, বর্তমানে দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে।
শনিবার দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ইনসাফের প্রতীক হিসেবে পরিচিত দাঁড়িপাল্লার স্বরূপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, “তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। এ কোন ইনসাফ? এখনতো দেখি দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, আরেক পাল্লায় গোপনে ভারত।” তিনি স্পষ্ট করে বলেন যে, “বাংলাদেশের মানুষ আমেরিকার ইনসাফ দেখতে চায় না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।” পটুয়াখালী শহরের শহিদ আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত এই জনসভায় তিনি আরও উল্লেখ করেন যে, গত ৫৪ বছর ধরে প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো প্রকৃত পরিবর্তন হয়নি।
চরমোনাই পীর ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করে বলেন যে, এ দেশের মানুষ জুলুম ও নির্যাতনমুক্ত একটি সোনার দেশ চেয়েছিল, কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের ক্ষমতা দখলের নীল-নকশার কারণে সেই প্রত্যাশা আজ সংকটের মুখে। রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমরা দেখেছি এক দল ক্ষমতায় আসলে আরেক দল দেশ ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় আসতে পারলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।” আসন্ন নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক হাতপাখার পক্ষে সমর্থন চেয়ে তিনি বলেন, “হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোট পড়ে তাহলে ইসলামের পক্ষে একটা শক্তি বাড়ে।” বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামের আদর্শে রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।
Reporter Name 













