সবুজদিন রিপোর্ট।।
স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ৯ এপ্রিলের পরিবর্তে অনুষ্ঠানটি এখন অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার)।
মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেদিন বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন করে কোনো আমন্ত্রণপত্র দেওয়া হবে না। ৯ এপ্রিলের জন্য পাঠানো আমন্ত্রণপত্র দেখিয়েই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে।
প্রতি বছর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করে থাকে, যা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।
এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন:
স্বাধীনতা ও দেশগঠনে অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হচ্ছে।
জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
মুক্তিযুদ্ধ বিভাগে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মনোনয়ন পেয়েছে।
সাহিত্য ও সংস্কৃতিতে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
হানিফ সংকেত (এ কে এম হানিফ)।
বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
সমাজসেবা ও জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)।
মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র পুরস্কার পাচ্ছে।
গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া মনোনীত হয়েছেন।
ক্রীড়ায় জোবেরা রহমান লিনু।
পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার মনোনয়ন পেয়েছেন।
Reporter Name 






















