সবুজদিন রিপোর্ট।।
বাগেরহাটের মোংলায় ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৫০০ মধ্যবিত্ত পরিবারের বাড়িতে গিয়ে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি সমাজকল্যাণ সংগঠন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার এই কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, ঈদুল আজহার দিনে পৃথকভাবে দুটি গরু কুরবানি দেওয়া হয়। পরে বিকাল থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় মধ্যবিত্ত পরিবারের কাছে বাড়ি বাড়ি গিয়ে মাংস পৌঁছে দেওয়া হয়।
উদ্যোক্তাদের ভাষ্য, সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার আর্থিক সংকটে থাকলেও আত্মসম্মানের কারণে সহায়তা চাইতে পারেন না। সেই বিষয়টি বিবেচনায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা সম্মানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
মোংলা সমাজকল্যাণ ফোরামের চেয়ারম্যান মাওলানা মোস্তাইন মোল্লা বলেন, অনেক মধ্যবিত্ত পরিবার কুরবানি দিতে পারেন না, আবার কারও কাছে সহায়তাও চান না। তাই তাদের কথা ভেবেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো যদি সমাজের অসচ্ছল ও মধ্যবিত্ত মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে পড়বে।
Reporter Name 


















