সবুজদিন রিপোর্ট।।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ ২৯ এপ্রিল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। বেলা ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হতে পারবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। বর্তমানে মুষলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে।
দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েক দিন ধরেই হচ্ছে বৃষ্টি, বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। চট্টগ্রামে আজ সকাল থেকে বৃষ্টি না হলেও কিছুক্ষণ আগে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ২টায় খেলা শুরু, দেড়টায় হওয়ার কথা টস। বৃষ্টি এভাবে চলতে থাকলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা নিয়ে জাগবে শঙ্কা, সেক্ষেত্রে খেলা পিছিয়ে যেতে পারে।
এখনও মাঠে যায়নি দুই দলের বহর। সাধারণত ১২টার মধ্যেই দুই দলের টিম বাস চলে যায় মাঠে।
৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
Reporter Name 
























