সবুজদিন রিপোর্ট।।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
শুক্রবার (৫ জুন) সকালে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যরাতে লিমন মোল্লা নিজ বসতঘরে একা ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি ঢাকায় অবস্থানরত তার স্ত্রী উর্মির সঙ্গে কথা বলেন বলেও জানা গেছে।
লিমনের একমাত্র কন্যাসন্তান বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় তার নানির সঙ্গে বসবাস করছে।
পরিবারের সদস্যদের ধারণা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মোড়েলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 




















