বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরে শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পারসা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করতে গিয়ে যোগাযোগ, পেশাদারত্ব এবং পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে তিনি গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছেন।
অভিনেত্রীর ভাষ্য, গত সাত মাস ধরে তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করেছেন। যদিও তার কিছু টাকা পরিশোধ করা হয়েছে, এখনও পুরো পাওনা বুঝে পাননি। তবে নিজের বকেয়ার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হলো, শুটিং ইউনিটের অনেক সদস্য এখনো তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি।
পারসা বলেন, নিজের পাওনা না পেলেও হয়তো তিনি মেনে নিতে পারেন, কিন্তু যারা দিন এনে দিন খায়, প্রোডাকশন বয় কিংবা নতুন যারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন, তাদের প্রাপ্য পারিশ্রমিক আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন এত মানুষের পাওনা বকেয়া রয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, বিনোদন অঙ্গনের সবাইকে এ ধরনের ঘটনার বিষয়ে সচেতন হওয়া উচিত। কোনো কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পর্কে খোঁজখবর নেওয়া, চুক্তির শর্ত ও আর্থিক বিষয়গুলো লিখিতভাবে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন এই অভিনেত্রী।
পোস্টের শেষে পারসা ইভানা বলেন, এমন একটি বিনোদন অঙ্গন দেখতে চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব সর্বোচ্চ গুরুত্ব পাবে। একই সঙ্গে অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের মতো আচরণের কোনো স্থান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
Reporter Name 
























