সবুজদিন রিপোর্ট।।
রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) ভার্চুয়ালি শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে এ মামলায় খায়রুল হকের জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম তাকে এই গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানো সংক্রান্ত শুনানির জন্য সোমবার (৬ জুলাই) তারিখ রাখেন। তবে শুনানিকালে নথি না থাকায় তা পিছিয়ে ৮ জুলাই ভার্চুয়ালি শুনানির তারিখ নির্ধারণ করেন। আজ শুনানি শেষে আদালত আদেশ দেন।
গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তার বিরুদ্ধে মোট আটটি মামলার সবগুলো জামিনে আছেন তিনি। এবার নতুন করে আরেক হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলো পুলিশ।
Reporter Name 























