হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাটে মুদিদোকানির বাড়িতে মজুত করা ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জামগড়া মোড় এলাকায় মুদিদোকানি শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মজুত রাখা পেট্রোল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
মজুত করা জ্বালানি তেল পরবর্তী সময়ে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জামগড়া মোড় এলাকায় শাহজালালের বাড়িতে অভিযানে যান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত। বাড়ির একটি ঘরে ৯টি গ্যালনে ৩৭০ লিটার পেট্রল মজুত অবস্থায় পাওয়া যায়। মুদিদোকানি শাহজালাল মুদিদোকানের পাশাপাশি পেট্রলও বিক্রি করতেন। কিন্তু মজুত রেখে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন তিনি।
ভারপ্রাপ্ত ইউএনও জান্নাত বলেন, অভিযানের সময় মজুতকারীকে পাওয়া না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তার বিরুদ্ধে মামলা করা হবে।
Reporter Name 























