সবুজদিন রিপোর্ট।।
কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যার সময় কোথাও স্লুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে উল্লেখ করে তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
একই সঙ্গে তিনি বলেছেন, অতীতের মতো আর নির্বিচারে পাহাড় কাটা চলবে না এবং পাহাড়খেকো যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।এর আগে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং চান্দেরপাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের ওপর জনগণের আস্থা রাখা উচিত। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।
অনিন্দ্য ইসলাম আরও বলেন, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সরকার পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করবে।
পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক আব্দুল মান্নান , পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























