সবুজদিন রিপোর্ট।।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, এবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেটে নারীদের গ্র্যাজুয়েট পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা রাখা হয়েছে। কারিগরি ও নারীশিক্ষার প্রসারে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি নারীশিক্ষার অগ্রগতিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকাল ১০টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সব নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থায় নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের দক্ষতা ও মেধা কাজে লাগানোর আহ্বান জানান। সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারওয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 





















