স্পোর্টস ডেস্ক
আগুনঝরা বোলিংয়ে লক্ষ্যটা নাড়ালে রাখলেন নাহিদ রানা, শরিফুল ইসলামরা। পরে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ হাসান। চোট নিয়ে মাঠ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত খেললেন দায়িত্বশীল ফিফটি ইনিংস। নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার ৬ উইকেটে জিতেছে টাইগাররা। ১৯৯ রানের লক্ষ্য তারা পূরণ করে ৮৭ বল হাতে রেখেই।
৩৩ বলে ফিফটি করা তানজিদের ব্যাট থেকে এসেছে ৫৮ বলে ১০টি চার ও ৪ ছক্কায় ৭৬ রানের ইনিংস। শান্ত আহত অবসরের আগে করেছেন ৭১ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫০ রান।
তবে ১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের আসল নায়ক গতিময় পেসার নাহিদ রানা।
দলীয় ২১ রানে ২ উইকেট হারানোর পর শান্ত ও তানজিদের ১১০ বলে ১২০ রানের জুটি জয়ের পথ প্রশস্ত করে। শততম ম্যাচে লিটন দাস ব্যর্থ হলেও তাওহীদ হৃদয়ের (৩১ বলে ৫ চারে ৩১) সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ১ চারে ৮)।
তানজিদের পর লিটনও দ্রুত ফিরলেও দলকে জয়ের পথেই রাখেন শান্ত। তবে কাজ শেষ করে তিনি মাঠ ছাড়তে পারেননি চোটের কাছে হার মেনে। খুঁড়িয়ে সিঙ্গেল নিয়ে ৭১ বলে ফিফটি পূরণের পর হাতেও ক্র্যাম্প হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সৌম্য একাদশে ফেরায় এদিন তিনি ব্যাট করেন চার নম্বরে।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সফরকারীদের মধ্যে বিশোর্ধো ইনিংস স্রেফ একটি। ১০২ বলে ১৪টি চারে ৮৩ রানে কিউইদের বলতে গেলে একাই টেনেছেন ওপেনার নিক কেলি।
১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ৩২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই পেয়েছিলেন ২৪ রানে ৫ উইকেট।
প্রথম ম্যাচের মতো এদিনও দারুণ বোলিং করেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। ১০ ওভারে এক মেডেনসহ ৩২ রান দিয়ে ২টি শিকার ধরেছেন বাঁহাতি এই পেসার।
প্রথম ওয়ানডেতে করেছিলেন খরুচে বোলিং। দ্বিতীয় ম্যাচে নিজের স্পেলের প্রথম বলেই উইকেটের দেখা পান নাহিদ। ২৬ বলে ১৩ রান করা হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৪৮.৪ ওভারে ১৯৮ (নিকোলস ১৩, কেরি ৮৩, ইয়াং ২, ল্যাথাম ১৪, আব্বাস ১৯, ফক্সক্রফট ১৫, ক্লার্কসন ৬, স্মিথ ১৮*, টিকনার ১২, লেনক্স ০, ও’রোক ৬; তাসকিন ৯.৪-১-৪৬-১, শরিফুল ১০-১-৩২-২, নাহিদ ১০-১-৩২-৫, সৌম্য ৪-০-২৭-১, মিরাজ ১০-০-৩৮-০, রিশাদ ৫-০-২১-১)
বাংলাদেশ: ৩৫.৩ ওভারে ১৯৯/৪ (সাইফ ৮, তানজিদ ৭৬, সৌম্য ৮, শান্ত আহত অবসর ৫০*, লিটন ৭, হৃদয় ৩০*, মিরাজ ৮*; স্মিথ ৭-১-৪৬-১, ও’রোক ৭-০-৪১-১, টিকনার ৫-০-৩৫-০, ফক্সক্রফট ৫.৩-০-২৬-০, লেনক্স ৯-২-৩৬-২, ক্লার্কসন ২-০-১১-০)
Reporter Name 




















