সবুজদিন রিপোর্ট।।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে- বিনা অপরাধে কোনও সাংবাদিক কারাগারে থাকুক আমরা তা চাই না। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে। একজন সাংবাদিকের ক্ষেত্রে তিনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দিয়েছেন। আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সব সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন মিথ্যা মামলায় হোক আর যে মামলায় হোক, জামিন পাওয়া তার মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনও কারণ নাই।’
মুক্ত গণমাধ্যম দিবসে রবিবার তথ্য ভবনে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার তো শক্তিশালী না বা ওই মানসিকতার না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবোও না। আর এই মামলা আমরাও দেইনি। আমাদের সরকারের আমলে মামলাগুলো হয় নাই। কিন্তু যেহেতু আমি সরকারে আছি ফলে অতীতের এসব সমস্যাগুলো আমাকে ওউন করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সব ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই- আমরা কেউ আইনের ঊর্ধে উঠতে পারবো না। অপরাধ বিবেচনা করার জন্য প্রক্রিয়া হচ্ছে একটি আর পেশাগত দায়িত্ব পালন করার নিরাপত্তা বিধান করার কাজটি হচ্ছে আরেকটি। একটির আরেকটির সঙ্গে মিল নেই।”
Reporter Name 






















