সবুজদিন রিপোর্ট।।
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক সামাজিকভাবে সবুজ বিপ্লবে রূপ দিতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নিম গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বার্ষিক ‘ভবিষ্যৎ বিজ্ঞানী’র খোঁজে’- বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জুবাইদা রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় ও দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক, শিক্ষার্থীরা বড় ধরনের অবদান রাখতে পারে। অনগ্রসর দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দিতে হবে।
এ সময় অন্যদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।
Reporter Name 



















