লাইফস্টাইল ডেস্ক
বৈশাখে বৃষ্টির বদলে শুরু হয়েছে কাঠ ফাটা রোদ। এই দাবদাহে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এমন আবহে বাড়িতে অতিথি মানেই তাদের শরীর জুড়ানোর চিন্তায় গৃহকর্তার কপালে ভাঁজ।
হাতের কাছে বাজারচলতি ঠান্ডা পানীয়ের অভাব নেই। তবে ঘরে তৈরি স্বাস্থ্যকর উপকরণ দিয়ে বানানো পানীয়ে আতিথেয়তা জমে ওঠে। একই সঙ্গে শরীরের যত্ন নেওয়াও হয়।
এমন পরিস্থিতিতে আম লাচ্ছি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন অতিথিকে। আম দিয়ে তৈরি এক গ্লাস ঘন লাচ্ছি জমিয়ে দিতে পারে আত্মীয়তা। পাকা আম আর দইয়ের এই যুগলবন্দি ককটেল শরবত বানানো খুবই সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানাতে পারেন আম লাচ্ছি। অতিথিকে অবাক করে দিতে পারেন। কিন্তু কীভাবে বানাবেন, তা জানেন কি? চলুন জেনে নেওয়া যাক, যেভাবে বানাবেন আম লাচ্ছি—
উপকরণ
পাকা আমের টুকরো ১ কাপ। টকদই (লো ফ্যাট) ১ কাপ। ঠান্ডা দুধ ১/২ কাপ। মধু বা প্রাকৃতিক সুইটনার ১-২ টেবিল চামচ। এলাচ গুঁড়ো ১ চিমটি এবং বরফ কুচি (প্রয়োজনমতো)।
প্রণালি
পদ্ধতি খুবই সহজ। প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের টুকরোগুলো নিন। এরপর যতক্ষণ না আমটি মসৃণ হয়ে পেস্ট তৈরি হচ্ছে, ততক্ষণ ব্লেন্ড করুন। আমের পাল্প তৈরি হয়ে গেলে এর মধ্যে একে একে লো-ফ্যাট দই, ঠান্ডা দুধ ও মধু দিয়ে দিন। এবার সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিতে ভুলবেন না। সবকটি উপকরণ একসঙ্গে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। সব মিশে গিয়ে যখন ঘন মিশ্রণ তৈরি হবে, ঠিক তখন তাতে কয়েক টুকরো বরফ দিয়ে দিন। আরও একবার হালকা ব্লেন্ড করে নিলেই তৈরি হবে আম লাচ্ছি।
এবার ভালোভাবে গ্লাসে ঢেলে ওপর থেকে সামান্য আমের কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। অল্প সময়ে তৈরি এ পানীয় আপনাকে দিনভর চনমনে রাখবে। শরীরের আর্দ্রতা ধরে রাখতে এর জুড়ি মেলা ভার।
Reporter Name 






















