পিরোজপুর প্রতিনিধি
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি এবং শিগগিরই বন্ধ পাটকলগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই সোনালি আঁশের মাধ্যমেই একসময় বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতি ছিল। কিন্তু বর্তমানে এ খাত অনেকটাই পিছিয়ে গেছে। বর্তমান সরকারের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা এবং এই খাতে বৈচিত্র্য এনে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় আবারও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনমত গড়ে তুলে পাট ও চটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় যেসব ক্ষেত্রে পাট ও চটের ব্যবহার সম্ভব, সেগুলো নিশ্চিত করার চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের মেয়াদ এখনো খুব বেশি হয়নি। তবুও অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাট ও পাটের বীজের উৎপাদন বাড়ানো এবং দ্রুত বন্ধ মিল-কারখানাগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম প্রমুখ।
Reporter Name 





















