সবুজদিন রিপোর্ট।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল (তৃতীয় টার্মিনাল) আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২০ জুন) এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে থার্ড টার্মিনালের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে বিমান প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে চাই। সম্প্রতি জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও ঢাকা সফর করেছেন এবং সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পের অন্যতম প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের সুমিতোমো করপোরেশন ও নিপ্পন কোয়ে যাতে দ্রুত কাজ শেষ করে, সে জন্য রাষ্ট্রদূতের সহায়তা চাওয়া হয়েছে। রাষ্ট্রদূত সাইদা শিনিচিও পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যথাসময়ে কাজ সম্পন্ন করবে।
প্রকল্পের চুক্তি স্বাক্ষরের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ‘রিকুয়েস্ট ফর প্রপোজাল’ (আরএফপি) প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় দাফতরিক নথি আগামী ১৯ জুলাইয়ের মধ্যে টোকিওতে জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করলে নিপ্পন কোইয়ের মাধ্যমে ওআরটিএ (অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার) প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে একনেকে অনুমোদন পায়। শুরুতে এর ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে আরও ৭ হাজার ৭৮৮ কোটি টাকা বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের বর্তমান মোট আকার দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এই ব্যয়ের সিংহভাগ অর্থায়ন করছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই মেগা প্রকল্পের মোট আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার, যা বিমানবন্দরের বর্তমান দুটি টার্মিনালের সম্মিলিত আয়তনের চেয়েও দ্বিগুণের বেশি।
Reporter Name 




















