সবুজদিন রিপোর্ট।।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে শনিবারের সাপ্তাহিক ছুটির দিন অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের। সেইসঙ্গে পরদিনও খোলা থাকবে অফিস।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিন মিলে মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। তবে সরকার আরও একদিন ছুটি বাড়িয়ে (২৫ মে) মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে।
সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে সেই ছুটি বাতিল করে ঈদের ছুটির সঙ্গে যুক্ত করেছে। ফলে সাপ্তাহিক ছুটির দিনও (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী জিলহজ মাসের সূচনাসূচক চাঁদটি আগামী ১৭ মে (রোববার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে দেখা যেতে পারে।
ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ দিগন্তের ১০ ডিগ্রির ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই হিসাবে আগামী ১৮ মে সোমবার জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি ১৮ মে জিলহজ মাস শুরু হয়, তবে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ হজের মূল আনুষ্ঠানিকতা ‘আরাফা দিবস’ পড়বে ২৬ মে (মঙ্গলবার)। এর পরদিন ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। তবে এটি পুরোপুরি নির্ভর করছে আগামী ১৮ মে বা ২৯ জিলকদ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।
Reporter Name 



















