গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
নাটোর সদর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা আলী আজগর ভূঁইয়া খোকন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।
শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আলী আজগর ভূঁইয়া লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। অভিযুক্ত শাহীন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঈদের নামাজ শেষে করে আলী আজগর হাজীগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা শাহীন তার লোকজন নিয়ে মুজিবুরের বাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
আহত আজগর আলীর স্ত্রী বলেন, শাহীনের নেতৃত্বে সজীব, সাদ্দামসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার স্বামীর ওপর হামলায় চালায়। বাড়ির নারীরা এগিয়ে এলে তাদেরও শারিরিকভাভে লাঞ্ছিত করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পর গুরুত্বর আহত অবস্থায় তার স্বামী আলী আজগরকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে শাহীন বলেন, কে বা কারা আজগরের ওপর হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। এই ঘটনার সাথে তিনি সম্পৃক্ত নন।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা দায়ের করেননি। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 





















