স্পোর্টস রিপোর্টার
হঠাৎ করে গেল ১৬ জানুয়ারি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দেশ ছাড়ার পর অনেক আলোচনা-সমালোচনা হয়েছে, যা এখনো চলমান। দেশে কবে ফিরবেন বিসিবি বস, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে গতকাল বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ঈদের পর দেশে ফিরবেন বিসিবি সভাপতি।
দ্বিতীয় মেয়াদে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার পর থেকে বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রীড়া সংগঠকরা। সেই তালিকায় আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, বিসিবির সাবেক পরিচালক মাসুদুজ্জামানসহ অনেকেই। বোর্ডে বিপক্ষে গিয়ে ৪৪টি ক্লাব সকল ধরনের ক্রিকেট বর্জন করেছে। তাদের বিদ্রোহ এখনো চলমান। সেসঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ইস্যুতে বর্তমান বোর্ডকে দায় করছেন অনেকে।
দুদিন আগে বিপিএলের সাবেক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান দাবি করেছিলেন, বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় এবারের বিপিএলে অংশ নেয়নি ফরচুন বরিশাল। সবকিছু মিলিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে দেশের ক্রিকেটঙ্গনে। বর্তমান বোর্ডের বিপক্ষে থাকা বেশির ভাগ বিদ্রোহীরাই বিএনপিপন্থি। জাতীয় নির্বাচনের পর আগের চেয়েও শক্ত অবস্থান নিয়েছেন তারা।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বিসিবির বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিকবার। নতুন সরকারের অধীনে নতুন করে বিসিবি নির্বাচন চান অনেক ক্রীড়া সংগঠনকরা। এসবের মধ্যে বুলবুলের দেশ ছাড়ার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদিও বিসিবি পরিচালক আসিফ আকবর কয়েকদিন আগে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় থাকা তার পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন তিনি।
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ
এমনকি দেশের ক্রীড়াঙ্গনে খবর রটেছে, আর দেশে আসবেন না বিসিবি সভাপতি, পদত্যাগ করতে পারেন নিজের পদ থেকে। তবে গতকাল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বুলবুলের পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়েছে। বিসিবি বসের দেশে আসার বিষয়ে তিনি বলেন, ঈদের পর দেশে ফিরবেন বুববুল। ফারুক বলেন, ‘আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতটুকু জানি, উনি ঈদের পরে আসবেন।’
Reporter Name 























