সবুজদিন রিপোর্ট।।
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও মতবিনিময় হয়।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সবুজ জ্বালানি (গ্রিন এনার্জি), দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন খাতে সুইজারল্যান্ডকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।
Reporter Name 























