সবুজদিন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুর্বৃত্তের গুলিতে আবু নাসের শামীম (৪০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার ছেলের জনক।
সাউথ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস বলেন, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
তিনি আরও জানান, কিছুদিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সে সূত্রে নাকি অন্য কোনো কারণে বাবাকে হত্যা করা হয়েছে কি না, বুঝে উঠতে পারছি না।
এ সময় লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন আবু রাফসান পিয়াস।
Reporter Name 

























