সবুজদিন রিপোর্ট।।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্নভাবে দেশের মানুষকে সহযোগিতা করা হচ্ছে। দেশের অর্থনীতির চাকা বেগবান করতে প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করা হচ্ছে।
শনিবার (৪ জুলাই) বিকালে টাঙ্গাইল শহরে নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধন, ছাগল ও মহিষ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদেও আলোচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্য, ভিটামিন ও মেডিসিনও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামছুন্নাহার আহম্মদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।
Reporter Name 
















