সবুজদিন রিপোর্ট।।
বাগেরহাটে টানা ১০ দিনের ভারী বৃষ্টিপাতে জেলার প্রায় ৩ হাজার ৯২৮ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৎস্য খামারে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পর্যন্ত বৃষ্টির পানিতে ১ হাজার ৯০০ হেক্টর আউস ধান, ৪১০ দশমিক ৫ হেক্টর আমন ধানের বীজতলা, ১ হাজার ৫২০ হেক্টর সবজি, ৪৫ হেক্টর অফ-সিজনের তরমুজ এবং ৫৩ হেক্টর মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন বলেন, টানা বৃষ্টিতে কৃষকদের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনো অধিকাংশ কৃষিজমি পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়নি। মৎস্য খামারের বাঁধসংলগ্ন কৃষিজমিগুলোও এখন পর্যন্ত অক্ষত রয়েছে।
তিনি আরও বলেন, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সবজির পাশাপাশি আমন ধানের বীজতলাও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিকল্প আমন বীজতলা তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, টানা বৃষ্টিপাত হলেও এখন পর্যন্ত কোনো মৎস্য খামার বা পুকুর প্লাবিত হয়নি। ফলে চিংড়িসহ মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, এ সময়ে খামারগুলোতে বৃষ্টির পানি প্রয়োজন থাকায় টানা বৃষ্টি মাছ চাষের জন্য উপকারী হয়েছে। তবে অতিরিক্ত বৃষ্টিতে যাতে মাছ বেরিয়ে যেতে না পারে, সে জন্য খামারিদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খামারের চারপাশে নেট জাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
Reporter Name 
























