আন্তর্জাতিক ডেস্ক।।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করায় আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.২৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৩৮ ডলারে পৌঁছেছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে।
এদিকে ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তেলের দামের ঊর্ধ্বগতি থামেনি।
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘বৈঠকটি খুব ভালো হয়েছে!’ এবং সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোরও ঘোষণা দেন।
প্রসঙ্গত, প্রথমে ১০ দিনের জন্য নির্ধারিত এই যুদ্ধবিরতি ছিল। আর এখন আরও বাড়ানো হয়েছে, যাতে কূটনৈতিক আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়। একইসঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।
Reporter Name 

























