আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলা এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
দেলসি রদ্রিগেজ বলেন, আমাদের প্রধান ও মৌলিক লক্ষ্য হলো জাতীয় ঐক্যের মাধ্যমে জীবন বাঁচানো। আমরা একসঙ্গে এই ট্র্যাজেডি অতিক্রম করব।
লা গুয়াইরা রাজ্যে চলমান উদ্ধার অভিযান সম্পর্কে তিনি জানান, সেখানে পরিস্থিতি অত্যন্ত কঠিন। এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে, যদিও লা গুয়াইরা কর্তৃপক্ষের চূড়ান্ত তথ্য এখনো যুক্ত হয়নি।
তিনি জানান, অন্তত ৭০০ জন আহতকে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। সেখানে বহু ভবন ধসে পড়েছে।
রদ্রিগেজ বলেন, উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে যত বেশি সম্ভব মানুষের জীবন রক্ষা করা যায়।
তিনি ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রদ্রিগেজ বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভেনেজুয়েলা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ভেনেজুয়েলা অবশ্যই এই বিপর্যয় অতিক্রম করতে সক্ষম হবে।
গতকাল বুধবার ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও কয়েকশ’ মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে পৌঁছাতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ এবং তা ১ লাখ পার হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ।
Reporter Name 























