সবুজদিন রিপোর্ট।।
মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আটককৃতরা হলেন— হাসান শিকদার, সবুজ মণ্ডল, রবিউল হাসান পিথিল এবং নূর নবী হোসেন পিয়েল।
পুলিশ জানায়, মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকার মার্কেট এলাকায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জড়ো হতে থাকেন। রাতে ওই এলাকায় প্রায় ২৫/৩০ জন নেতাকর্মী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। কারা এই আয়োজনে উপস্থিত ছিলেন তা নিয়ে গোপনে তদন্ত চলছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর ছিল। পরিস্থিতি বিশ্লেষণ করে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একই সঙ্গে মোংলা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
Reporter Name 





















