বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জিলবুনিয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র জিহাদ শেখকে (১৪) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার আবাসিক শিক্ষক আব্দুল্লাহ তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জিহাদের জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাদ্রাসার হেফজখানার আবাসিক কক্ষে দরজা বন্ধ করে জিহাদকে মারধর করেন শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।
জিহাদের বাবা জাফর শেখ জানান, শুক্রবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ছেলে বাড়ি ফিরলে তাকে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর রবিবার (২২ ফেব্রুয়ারি) তিনি ছেলেকে নিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার বিচার দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ তালুকদার দাবি করেন, জিহাদ তাকে হত্যার উদ্দেশ্যে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে রেখেছিল। তাই তাকে শাসন করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে জিহাদের জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Reporter Name 




















