সবুজদিন রিপোর্ট।।
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটিতে পদবঞ্চিত ও নবনির্বাচিত কমিটির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের পৌরসভা এলাকা থেকে বনরূপা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে দুপুর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে অবস্থান নেন। অন্যদিকে, পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত কমিটির অনুসারীরা একটি আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তারা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে নবনির্বাচিত কমিটির সমর্থকরা পদবঞ্চিত কর্মীদের হটিয়ে দিয়ে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের পর থেকে বিএনপি কার্যালয় ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে ১৪৪ ধারা বলবৎ করেছে।
গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন করে আসছিলেন।
Reporter Name 



















