মোংলা প্রতিনিধি
সুন্দরবনে পর্যটন কেন্দ্র সুন্দরী ইকো রিসোর্টে ডাকাতির চেষ্টা চালিয়ে পালিয়ে যাওয়ার পর কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী চক্র লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে একই দিন বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি চেষ্টার সঙ্গে জড়িত রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়। তারা উভয়েই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জান গেছে।
এদিকে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 






















