সবুজদিন অনলাইন ডেস্ক।।
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কাজে ব্যবহৃত ইরানি স্থাপনা বা সক্ষমতাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী এখন ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে।
এর আগে ব্রিটিশ স্বার্থ বা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে তা প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই পরিসর বাড়ানো হয়েছে। এখন জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেও এই ঘাঁটি ব্যবহার করা যাবে।
তবে যুক্তরাজ্য স্পষ্ট করেছে, তারা সরাসরি এই হামলায় অংশ নেবে না।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সংঘাত নিয়ে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, এটি মূলত প্রতিরক্ষামূলক অভিযান। হরমুজ প্রণালিতে হামলায় ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করতেই এই অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জন্য এই সিদ্ধান্ত একটি কূটনৈতিক সাফল্য।
যদিও এটিকে আংশিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ব্রিটিশ সরকার ও প্রধানমন্ত্রীকে সমালোচনা করে আসছিলেন। তিনি যুক্তরাজ্যকে একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলে উল্লেখ করলেও সাম্প্রতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অনেকে মনে করছেন, প্রকাশ্যে চাপ প্রয়োগের কৌশলের ফলেই যুক্তরাজ্য শেষ পর্যন্ত এই অনুমতি দিতে রাজি হয়েছে।
০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
-
Reporter Name - Update Time : ১১:২৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- ৪২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















