অনলাইন ডেস্ক
এবারের ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা নিয়ে লঞ্চ মালিকদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। বরিশালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শেরেবাংলা মেডিকেল কলেজ শাখা এ ইফতার মাহফিলের আয়োজন করে।
এসময় রাজিব আহসান বলেন, বাড়তি ভাড়ার কোনো সুযোগই নেই। আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএর যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সঙ্গে আমরা কথা বলছি– তার থেকেও কম ভাড়ায় আমরা এবার ঈদে যাত্রী পরিবহন করতে চাই।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
ঈদযাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, সব জায়গায় ড্রেজার আছে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, যদি এরকম কোথাও থাকে যে ড্রেজিং করলে নৌপথ সঠিকভাবে কাজ করে, সেই কাজটা আমরা ঈদের আগেই শেষ করে ফেলব।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার সদরঘাটে অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মধ্য ঢাকার বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই নৌপথ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস খাতের শ্রমিকরা এতে বেশি সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজিব আহসান বলেন, যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে– তাদের সুবিধার্থে ঘাটগুলো চালু করা হবে। এছাড়াও যাত্রীসেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
Reporter Name 



















