স্পোর্টস ডেস্ক
অবশেষে ব্রাজিলিয়ান সমর্থকদের অপেক্ষার অবসান হচ্ছে। চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে আছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে স্বস্তির জয়ের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজেই এ সুসংবাদ দিয়েছেন।
কোচ আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচটি খেলতে পারবেন নেইমার। কাফের চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।
নেইমার পায়ের পেশির ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তাকে বেঞ্চে রাখা হলেও তিনি খেলতে নামেননি।
হাইতির বিপক্ষে জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘নেইমার আগামীকাল (রোববার) ব্যক্তিগতভাবে অনুশীলন করবে, সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে।’
ব্রাজিল প্রথম দুই ম্যাচে মিশ্র পারফরম্যান্স দেখিয়েছে। তবে নেইমারের ফিরে আসা দলের আক্রমণে নতুন গতি যোগ করবে বলে আশা করা হচ্ছে। কারণ, ব্রাজিলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উইঙ্গার রাফিনিয়া হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছেন। সম্ভবত হ্যামস্ট্রিং চোটে পরে মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার এই উইঙ্গার।
আনচেলত্তি জানিয়েছেন, চোটটি কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না এবং তার অবস্থা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন রাফিনিয়া।
Reporter Name 





















