অনলাইন ডেস্ক
নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হওয়ায় দায়িত্ব শেষ হয় মুহাম্মদ ইউনূসের।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন বিদায়ী প্রধান উপদেষ্টা এবং এরপর কোথায় থাকবেন তিনি।
ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে জানিয়েছে, তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন। আগামী সপ্তাহের মধ্যেই এ স্থানান্তর সম্পন্ন হতে পারে।
সরকারের একটি সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কারকাজ প্রয়োজন। সংস্কার সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নিয়ম অনুযায়ী ড. ইউনূসের আরও তিন মাস যমুনায় বসবাসের সুযোগ থাকলেও তিনি যমুনা ছেড়ে দেওয়ার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান নিশ্চিত করেছেন, অধ্যাপক ইউনূস বর্তমানে যমুনাতেই অবস্থান করছেন। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গুলশানের নিজ বাসভবনে সংস্কারকাজ চলায় তিনি স্ত্রী ও সন্তানসহ সাময়িকভাবে সেখানে আছেন। সংস্কার শেষ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি স্থায়ীভাবে নিজ বাড়িতে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।
এরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরির আগ পর্যন্ত যমুনাতেই থাকবেন তিনি।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, সাবেক প্রধান উপদেষ্টা দু-চার দিনের মধ্যেই বাসাটি ছেড়ে দেবেন। এরপর সেটাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বসবাসের উপযোগী করতে এক মাসের মতো সময় লাগবে। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরি না হওয়া পর্যন্ত যমুনাতেই তিনি থাকবেন।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। দায়িত্ব শেষের পর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।
Reporter Name 
























