সবুজদিন রিপোর্ট।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসকের অনুপস্থিতি পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সকালে হাসপাতালটি পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
এ সময় অনুপস্থিত ছিলেন ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. এস কে এম শামীম কাউসার, ডা. শরিফ উদ্দিন আহম্মেদ, ডা. গোলাম সারোয়ার ও ডা. কাজী আয়শা সিদ্দিকা।
এ বিষয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর বলেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় যেসব চিকিৎসক অনুপস্থিত ছিলেন, তাদের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নির্ধারণের দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে থাকা প্রয়োজন ছিল। তারা এর ব্যত্যয় ঘটিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য সেখানে গিয়ে তাদের পাননি বলে জেনেছি। তারা কেন নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও অবহিত করা হবে।
পরিদর্শনকালে হাসনাত আবদুল্লাহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের অবস্থা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
Reporter Name 





















