সবুজদিন রিপোর্ট।।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে ৫৭টি ‘শক্তিশালী’ পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পরমাণু অস্ত্রধারী কিমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
হোয়াইট হাউসে নতুন হেলিপ্যাড উদ্বোধনের সময় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সক্ষমতা তৈরি হতে দেওয়া উচিত ছিল না। তবে এখন কিমের হাতে এসব অস্ত্র রয়েছে এবং তার সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করে তিনি বলেন, কিমের সঙ্গে মিলেমিশে থাকা গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের ৫৭টি পরমাণু বোমার দাবিটি অবশ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের হিসাব অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত উত্তর কোরিয়ার হাতে প্রায় ৬০টি পরমাণু ওয়ারহেড থাকতে পারে। পাশাপাশি আরও অন্তত ৩০টি ওয়ারহেড তৈরির মতো বিভাজনযোগ্য উপাদান দেশটির কাছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক বৃহস্পতিবার (২০ আগস্ট) জানিয়েছেন, বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার তথ্যের ভিত্তিতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে বলে সাধারণভাবে ধারণা করা হয়। তবে সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন বলেও তিনি সতর্ক করেছেন। ফলে ট্রাম্পের ৫৭টির হিসাবের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন মূল্যায়নের পার্থক্য রয়েছে।
কিম জং উনের সঙ্গে আবার বৈঠকের আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে কিমের সঙ্গে সাক্ষাৎ করতে চান। নভেম্বর মাসে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন—এপেকের সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। ওই সফরকে ঘিরে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
Reporter Name 


















