রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে সিলিংফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ বলে জানা গেছে। ফ্যানের পাখা তার ঘাড়ের ওপর পড়ে গেলে তিনি তাৎক্ষণিকভাবে আহত হন। পরে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই মাসের ছুটির পর ক্লাস শুরু এবং এ অবস্থায়ই ক্লাসরুমের সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছিল। তবে এ সময়ের মধ্যে সরঞ্জামাদি কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকির করা হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাট-বোল্ট মরিচা ধরার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক মো. আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা নিয়মিতভাবে ক্লাসরুমের সকল সরঞ্জামাদি পর্যবেক্ষণ করি। ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। সম্ভবত নাট-বোল্টের কোনো সমস্যার কারণেই এমনটি ঘটেছে। ইতোমধ্যে আমরা সব কক্ষ পুনরায় পরীক্ষা করার কাজ শুরু করেছি।’
এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্লাসরুমসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
Reporter Name 
























