সবুজদিন রিপোর্ট।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ রবিবার ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাক্ষাৎ করেন। সাক্ষাতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের স্মৃতিচারণ করে বলেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। চমৎকার এ আয়োজনের জন্য তিনি তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। একক কোনো দেশের পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দু’দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, তুরস্ক সফরের সময় মন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর প্রফেসর বুরহানেত্তিন দুরানের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।
Reporter Name 



















