সবুজদিন রিপোর্ট।।
তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। এতে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের সুযোগ হওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। সে সময় তিনি ভোট চাইতে তুরস্ক সফরে যান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।
আরও জানা গেছে, তিন দিনব্যাপী এ ফোরামে অংশগ্রহণ শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন, যেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং আগামী ২৪ এপ্রিল দেশে ফিরবেন।
Reporter Name 
























