সবুজদিন রিপোর্ট।।
চব্বিশের জুলাইয়ে গণ-আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার (২২ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনে সেই জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন ও মো. মাসুদুল আলম দোহা। মমতাজের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, মোতাহার হোসেন সাজু ও আইনজীবী মোসা. খায়রুন নেছা।
আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা ও মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গত ১৫ জুন হাইকোর্ট মমতাজ বেগমকে অন্তর্বর্তী জামিন দেন। আইনজীবী মোসা. খায়রুন নেছা দেশের একটি গণমাধ্যমকে বলেন, এই তিন মামলার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
গত রবিবার একটি আবেদনে চেম্বার আদালত নো অর্ডার দেন। ফলে জামিন বহাল থাকে। কিন্তু সোমবার অন্য দুই মামলার জামিন স্থগিত করেছেন।
মমতাজের বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে।
এসব মামলায় হাইকোর্ট তার জামিন প্রশ্নে পৃথক রুল জারি করেছেন বলে জানান আইনজীবী খায়রুন নেছা।
বাংলা লোকগানের কিংবদন্তি শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হয় ও কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
তার বিরুদ্ধে ঢাকার কয়েকটি থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Reporter Name 




















