আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি উড়োজাহাজের সঙ্গে নিচে থাকা একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ উড়োজাহাজটি রানওয়েতে দমকলের একটি ট্রাককে ধাক্কা দিয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন। বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত।
একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছে। সংস্থাটি এর বেশি কিছু বলেনি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ এর তথ্য অনুযায়ী, এয়ার কানাডার আঞ্চলিক সহযোগী প্রতিষ্ঠান ‘জ্যাজ এভিয়েশন’ দ্বারা পরিচালিত সিআরজে-৯০০ মডেলের বিমানটি অবতরণের সময় প্রায় ৩৯ কিলোমিটার (২৪ মাইল) বেগে ওই যানবাহনটিকে আঘাত করে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই জরুরি পরিস্থিতির কারণে লা গার্ডিয়া অভিমুখে সব ধরনের উড্ডয়ন স্থগিত করে একটি ‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশনা জারি করেছে। প্রাথমিকভাবে গ্রিনউইচ মান সময় ০৫৩০ পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার কথা থাকলেও পরবর্তীতে এই সময়সীমা আরও বৃদ্ধির উচ্চ সম্ভাবনা রয়েছে বলে এফএএ-র নোটিশে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অসমর্থিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের ফলে বিমানটির সামনের অংশ বা নোজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি কিছুটা ওপরের দিকে হেলে রয়েছে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে না পারলেও বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, অবতরণের অপেক্ষায় থাকা বিমানগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অথবা তাদের যাত্রারম্ভের স্থানে ফেরত পাঠানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এবং রানওয়ে থেকে ক্ষতিগ্রস্ত যান ও বিমানটি সরিয়ে নিতে উদ্ধারকারী দলগুলো কাজ করছে।
এদিকে কীভাবে একটি বিমান অবতরণের সময় রানওয়েতে গ্রাউন্ড ভেহিকেলের মতো কোনো যানবাহন উপস্থিত থাকতে পারে। এই নিরাপত্তা ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এফএএ যৌথভাবে কাজ শুরু করেছে।
Reporter Name 






















