গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুব্রত হালদার নদীতে গায়া ফ্যাশন জাল ফেলে মাছটি ধরেন।
একইদিন সকালে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে এনে নিলামে তুললে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮শ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। কেনার পর চান্দু মোল্লা তার ফেসবুক আইডিতে মাছটির ছবি ও ভিডিও শেয়ার দিয়ে বিক্রির ঘোষণা দেন।
এতে আগ্রহী হয়ে ঢাকার এক ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ১৯শ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠিয়ে দেন।
এ ব্যপারে চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় মাছের প্রতি ক্রেতাদের আলাদা একটা আগ্রহ রয়েছে। এক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। তাই বড় মাছ পেলে আমি সর্বোচ্চ দাম দিয়েই কিনে নেই। কাতল মাছটির ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার দিলে অনেকেই যোগাযোগ করেন। তারমধ্যে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি করে তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর এ এলাকায় মাঝেমধ্যেই জেলেদের জালে বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মা নদীর বিশালাকার মাছগুলো খুবই সুস্বাদু হয়। মাছগুলো শিকার করে জেলে ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। তবে মাছগুলোর জন্য যদি এ এলাকায় অভয়াশ্রম গড়ে তোলা যেত তাহলে এরা নদীতে সহজেই বংশবিস্তার করতে পারত। সেক্ষেত্রে মাছের উৎপাদন বৃদ্ধি পেত।
Reporter Name 




















