স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলতে পারেনি। কখন পারবে, তা নিয়েও সন্দেহ আছে অনেক। তবে বাংলাদেশ অন্যভাবে এই বিশ্বকাপে আছে। সমর্থক হিসেবে। না, নগণ্য সমর্থক নয়, এই বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার মতো দলের খেলোয়াড়রাও বাংলাদেশে তাদের নিয়ে উন্মাদনার খবর জানেন, দেখেন। তারাও ভালোবাসাটা ফিরিয়ে দিলেন এবার।
জর্ডান ম্যাচের পর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জানিয়েছিলেন বাংলাদেশের প্রতি তার ভালোবাসার বিষয়টি। এবার জাপানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারও একই প্রতিক্রিয়া দিলেন।
গত রাতের শেষ ৩২ রাউন্ডের ম্যাচে শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পায় ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারানোর এই জয় উদযাপনে মেতে ওঠে বাংলাদেশও। এমন এক মুহূর্তে আলিসনের এই বার্তা বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের আরও উৎসাহিত করতে পারে।
সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে তিনি বলেন, ‘আমাদের সমর্থনের জন্য ধন্যবাদ বাংলাদেশ। আমি বেশ কিছু ভিডিও দেখেছি আপনাদের। এর জন্য বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ আপনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’
জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়া ব্রাজিলকে সমতায় ফিরিয়েছিলেন কাসেমিরো। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনিও বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তার সতীর্থ মাতেউস কুনিয়া তো একবার বাংলাদেশেও আসতে চাইলেন! বললেন, ‘বাংলাদেশের ভালোবাসা চোখে পড়েছে আমার। আমিও কখনো বাংলাদেশে আসতে চাই।’
এর আগেও আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা বলেছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি জানান, তিনি নিজে বাংলাদেশে গিয়েছেন এবং জানেন বাংলাদেশিরা তাদের জন্য কতটা পাগল, তাই বাংলাদেশের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে।
Reporter Name 











