পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করা অবস্থায় বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫)নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই চা শ্রমিক। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে কাঁচা চা পাতা কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে সোনাপাতিলা এলাকায় কয়েকজন শ্রমিক কাঁচা চা পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময় মেঘলা আকাশে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীসহ তিনজন চা শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে এক চা শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছেন। সুরতহাল করে নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 


















