চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত রাজীব শেখ ওই গ্রামের ফারুক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মুঠোফোনে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন।
Reporter Name 























