সবুজদিন রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনগণ দেশ সংস্কারের পক্ষে ৭৫ পার্সেন্ট ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে সংস্কার বাস্তবায়ন করছে না। আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি। আমরা সংস্কার বাস্তবায়ন করব। বিএনপি সরকার যদি এই ৭৫ পার্সেন্ট মানুষের সঙ্গে বেইমানি করে তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।
শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারত থেকে যে পুশইনের ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। ভারতের সঙ্গে রয়েসয়ে কথা বলে সরকার। সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সার্বভৌমত্ব রাজনীতি, সেটার বিরুদ্ধে গিয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে।
তারেক রহমানকে উদ্দেশে তিনি বলেন, মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন। ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবেন না, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। শেখ হাসিনার বিচার করুন ও সার্বভৌমত্ব রক্ষা করুন।
তরুণ এই ছাত্রনেতা বলেন, বাগেরহাট সুন্দর জায়গা, কিন্তু উন্নয়ন খুবই নাজুক অবস্থায় রয়েছে। এখানে শিক্ষা ও চিকিৎসার অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, বাগেরহাটে একটি শেখ পরিবারের রাজত্ব ছিল, শেখের নাম বিক্রি করেছে কিন্তু উন্নয়নের কোনো ছিটেফোটাও হয়নি। বাগেরহাটবাসীকে অভিনন্দন আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন।
এদিন নাসির উদ্দীন পাটোয়ারী বাগেরহাটে এসে প্রথমে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তিনি বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
এ সময় এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা আলামিন খান সুমনসহ স্থানীয় নেতাকর্মী, ছাত্রশক্তির নেতাকর্মী এবং এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের ঘোড়াদীঘির দক্ষিণ পাশে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে মসজিদে সব নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।
Reporter Name 























